বাসস
  ২৬ আগস্ট ২০২৬, ২০:৪৬

আরিফুল হত্যা মামলার বিচার দ্রুত শেষ হবে : দুলু

নিহত শিক্ষক আরিফুল ইসলামের কবর জিয়ারতের পর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন মন্ত্রী। ছবি : বাসস

লালমনিরহাট, ২৬ আগস্ট, ২০২৬ (বাসস) : লালমনিরহাটের আলোচিত শিক্ষক আরিফুল ইসলাম হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করে রায় দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

আজ বুধবার দুপুরে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামে শিক্ষক আরিফুল ইসলামের কবর জিয়ারত করেন মন্ত্রী। পরে তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুল হাবিব দুলু বলেন, লালমনিরহাটের আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার মতো শিক্ষক আরিফুল ইসলাম হত্যা মামলার বিচারও দ্রুত সম্পন্ন করা হবে।

তিনি বলেন, আরিফুল ইসলামের মৃত্যুতে তার পরিবার অসহায় হয়ে পড়েছে। তার দুটি সন্তান রয়েছে। ছোট সন্তানটি বাবাকে দেখার সুযোগও পায়নি। নিহতের পরিবারের সদস্যদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে কিংবা ছোট ঘটনাকে বড় করে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তারা যেখানেই থাকুক, আইনের আওতায় আনা হবে।

এ সময় জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হক উপস্থিত ছিলেন।