শিরোনাম

নেত্রকোণা, ২৪ মার্চ ২০২৬ (বাসস): নেত্রকোণা জেলাকে একটি উন্নত, জনবান্ধব এবং পর্যটনসমৃদ্ধ মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান সাংবাদিকদের প্রশাসনের তৃতীয় চোখ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ অভিহিত করে জেলার সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সঠিক তথ্যের মাধ্যমে প্রশাসনকে সহায়তা করলে জেলার উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা সম্ভব।
নিজের কর্মপরিকল্পনা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, তাঁর প্রশাসনের প্রধান তিনটি অগ্রাধিকার ক্ষেত্র হবে, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, আধুনিক স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জেলার পর্যটন খাতের বিকাশ ঘটানো। বিশেষ করে বিরিশিরি, দুর্গাপুর, কলমাকান্দা ও খালিয়াজুড়ির প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে নেত্রকোণাকে একটি পূর্ণাঙ্গ ট্যুরিজম হাব প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, জেলা প্রশাসন হবে সম্পূর্ণ স্বচ্ছ এবং জবাবদিহিমূলক। এছাড়া পবিত্র ঈদুল ফিতরে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং বাসের অতিরিক্ত ভাড়া আদায় ও ট্রেনের টিকিট কালোবাজারি রোধে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ়ভাবে ব্যক্ত করেন।
জেলার অবকাঠামোগত সমস্যাগুলো স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে জেলা প্রশাসক একটি সমৃদ্ধ জেলা গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রত্যাশা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, স্থানীয় সরকারের উপপরিচালক ও নেত্রকোণা পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
মতবিনিময় সভায় উন্মুক্ত পর্বে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা জেলা প্রশাসককে জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিষয়গুলো জেলা প্রশাসককে অবগত করেন।