বাসস
  ০৫ মার্চ ২০২৬, ২০:১০
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ২১:৪৩

নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

ছবি : বাসস

ঢাকা, ৫ মার্চ, ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তথ্যপ্রযুক্তির এই যুগে দ্রুতগতির তথ্যপ্রবাহের মধ্যে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আজ বৃহস্পতিবার ঢাকার তথ্য ভবনে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, তথ্যই শক্তি এবং এই শক্তিকে সঠিকভাবে ব্যবস্থাপনা ও পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়াই তথ্য ক্যাডারের মূল দায়িত্ব।

তথ্যমন্ত্রী ভুয়া খবর, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত তথ্যভিত্তিক প্রতিক্রিয়া প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, তথ্য মন্ত্রণালয়কে হতে হবে একটি ডিভাইসের মতো, যেখানে ইনফরমেশনের সফট কন্টেন্ট ও সফট পাওয়ার ইন্সটল করতে হবে।

সরকারের মুখপাত্র হিসেবে তথ্য ক্যাডারের কর্মকর্তাদের সরকারের উল্লেখযোগ্য প্রতিশ্রুতি বাস্তবায়নের সংবাদ দেশের আনাচে-কানাচে পৌঁছে দিতে নির্দেশ দেন তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তাবৃন্দ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।