বাসস
  ০৫ মার্চ ২০২৬, ১৬:৪৫

রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ভ্যাটিকানের শুভেচ্ছা বার্তা

ঢাকা, ৫ মার্চ, ২০২৬ (বাসস) : পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে ভ্যাটিকান থেকে দেশের মুসলিম সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সংহতি জানানো হয়েছে।

আজ এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, এক ও সর্বশক্তিমান সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে মুসলমানরা রমজান, আধ্যাত্মিক সাধনা, আত্মসংযম ও প্রার্থনার মাধ্যমে জীবনকে গভীরতর করেন। এবছর রমজান মাসেই খ্রিস্টানদের উপবাসকাল পালিত হচ্ছে, যা উভয় ধর্মাবলম্বীদের জন্য নৈকট্য, সহমর্মিতা, সৌহার্দ্য ও শ্রদ্ধা প্রকাশের সুযোগ এনে দিয়েছে।

বার্তায় সংকট ও চ্যালেঞ্জের সময়েও সহিংসতার পরিবর্তে ন্যায়, দয়া ও উত্তম পথে চলার আহ্বান জানানো হয়।

এতে মুসলিম ভাই-বোনদের সঙ্গে সংহতি প্রকাশ করে ন্যায়, মর্যাদা ও শান্তির জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

শেষে মুসলিম সম্প্রদায়, তাদের পরিবার এবং সংশ্লিষ্ট সকলের জন্য শান্তি, কল্যাণ ও আশীর্বাদ কামনা করা হয়।