বাসস
  ০৫ মার্চ ২০২৬, ১৫:৩৬
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৫:৫৬

১৮ মার্চ বিশেষ ছুটি ঘোষণা করবে সরকার : প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : ফেসবুক

ঢাকা, ৫ মার্চ, ২০২৬ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৮ মার্চ বিশেষ ছুটি ঘোষণা করবে সরকার। সে হিসেবে এবারের ঈদের ছুটি থাকছে টানা সাত দিন।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, বৈঠকে আগামী ১২ই মার্চ জাতীয় সংসদের অধিবেশনের বিষয়েও আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, মন্ত্রিপরিষদের বৈঠকের  বিষয়গুলো নিয়ে মন্ত্রী পরিষদ সচিব ব্রিফ করবেন। সেখানে সাংবাদিকদের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

সরকারের বর্ষপঞ্জি অনুযায়ী এবারে মার্চ মাসের ১৭ তারিখ সরকারি ছুটি। ১৮ তারিখ বাদ দিয়ে ১৯ তারিখ থেকে টানা ২৩ তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে আগে থেকেই। শুধু সমস্যা ছিল ১৮ তারিখের অফিস খোলা নিয়ে।

সরকার এবার সেই ১৮ তারিখের অফিস খোলার দিনটিও সরকারি ছুটি ঘোষণা করতে যাচ্ছে। 

সেই হিসেবে আগামী ১৭ মার্চ  থেকে টানা ২৩ মার্চ পর্যন্ত সাত দিনের সরকারি ছুটিতে যাচ্ছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।