বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫০

সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সরকারের জিরোটলারেন্স নীতি : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ছবি : বাসস

যশোর, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি ঘোষণা করেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়। আমার দৃঢ় বিশ্বাস যশোর জেলাকে সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং মুক্ত করতে সবার  আন্তরিকতা রয়েছে। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।

আজ শনিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যারা মাদক ও সন্ত্রাসীদের পক্ষে পৃষ্ঠপোষকতা করছেন তাদের নামের তালিকা তৈরি করা হবে। আমরা তাদের সাথে কথা বলতে চাই।

তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আত্মবিশ্বাস ও খোলা মনে জনগণের কল্যাণে কাজ করুন। সরকারের প্রতি আপনারা আস্থা রাখুন। সরকার সকল ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করবে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আপনারা কাজ করতে চেয়েছেন, কিন্তু পারেননি। জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করতে হবে।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), সহকারী কমিশনার ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ অংশ নেন।

বিকেলে প্রতিমন্ত্রী একই স্থানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক কল্যাণ অনুদান সহায়তা ও শিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন।

অনুষ্ঠানে তিনি যশোর, মাগুরা, নড়াইল ও কুষ্টিয়া জেলার ২০ জন গণমাধ্যমকর্মীর মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২৭ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।