বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৮

ঈদের পর আলোচনার মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করা হবে : ডিএসসিসি প্রশাসক

ছবি : বাসস

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতরের পর সিটি কর্পোরেশন, ব্যবসায়ী ও হকারদের সাথে আলোচনার ভিত্তিতে পরিকল্পিত ও নিয়মতান্ত্রিকভাবে ফুটপাত দখলমুক্ত করা হবে।

আজ শনিবার বিকেলে রাজধানীর মিরপুর রোডে নিউমার্কেট এলাকায় ডিএসসিসি’র নিজস্ব অর্থায়নে নির্মিত আধুনিক ফুটওভার ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনকল্যাণকে প্রাধান্য দিয়ে ডিএসসিসি উন্নয়ন প্রকল্প গ্রহণ করছে।’ 

তিনি রমজান মাসে ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় এবং মার্কেট এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘নিউমার্কেট এলাকা অত্যন্ত জনাকীর্ণ হওয়ায় এই ফুটওভার ব্রিজটি জনসাধারণের যাতায়াতের ভোগান্তি বহুলাংশে লাঘব করবে। তবে জনস্বার্থে নির্মিত এই ব্রিজে কোনো অবস্থাতেই অবৈধ হকার বা দোকান বসতে দেওয়া হবে না।’ 

তিনি শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর হুঁশিয়ারি দেন।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, প্রায় ৯ কোটি ৭৭ লক্ষ ৬২ হাজার টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন এই ফুটওভার ব্রিজটি নির্মাণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড (ডিইডব্লিউ)। ৪২ মিটার দীর্ঘ এবং ২০ ফুট প্রশস্ত এই ব্রিজে বৃদ্ধ ও শিশুদের সুবিধার্থে চলন্ত সিঁড়ি (এস্কালেটর) যুক্ত করা হয়েছে। দক্ষিণ সিটির ফুটওভার ব্রিজগুলোর মধ্যে বর্তমানে একমাত্র এই ব্রিজটিতেই এস্কালেটর সুবিধা বিদ্যমান। এছাড়া দুই পাশে সাধারণ সিঁড়ির পাশাপাশি ক্রেতাদের সুবিধার্থে ব্রিজের সাথে সরাসরি নূর ম্যানশন ও নিউ সুপার মার্কেটের সংযোগ দেওয়া হয়েছে।

বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে মোট ৩১টি ফুটওভার ব্রিজ রয়েছে। এছাড়া মগবাজার এলাকায় আরও একটি ব্রিজের নির্মাণ কাজ চলমান এবং পরিবাগ, সায়েন্সল্যাব ও শাহবাগসহ ৭টি ব্রিজ দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এই আধুনিক ফুটওভার ব্রিজটি ব্যবহারের ফলে নিউমার্কেট এলাকার দীর্ঘদিনের যানজট নিরসন হবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ।