শিরোনাম

টাঙ্গাইল, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সম্ভাবনাময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে ১০ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার।
আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুরে সাথী মোড় থেকে ৭শ’ মিটার সড়ক নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রথম দিন থেকেই জনগণের দোরগোড়ায় উন্নয়ন ও সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালকাটা কর্মসূচিসহ সকল উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যেই বাস্তবায়ন শুরু হয়েছে।
ফকির মাহবুব আনাম বলেন, হাইটেক পার্কগুলোতে বিদেশী বিনিয়োগ আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমি মধুপুর-ধনবাড়ীবাসীকে শান্তিতে রাখতে চাই। একটি নিরাপদ শহর হিসেবে গড়তে তুলতে চাই। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকায় কোন রকম চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড বরদাস্ত করা হবে না। আমরা জনগণের দোড়গোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে চাই।’
এ সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নইম উদ্দিন আহদেম, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম ভূইয়া, কৃষি কর্মকর্তা রকিব আল রানা, মধুপুর উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাকির হোসেন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।