শিরোনাম

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান আগামী একদিনের মধ্যে আশকোনা মেইন রোডের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
আজ শনিবার দুপুরে আশকোনা মেইন রোডের পানির পাম্প প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা সরেজমিন পরিদর্শন শেষে তিনি এই নির্দেশ দেন।
পরিদর্শনকালে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে আশকোনা মেইন রোডের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। জনভোগান্তি নিরসনে ডিএনসিসি প্রশাসক রাস্তাটির বর্তমান অবস্থা নিজে প্রত্যক্ষ করেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন।
ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান জানান, প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে সাকার মেশিনের মাধ্যমে পানি নিষ্কাশনের কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, আগামীকালের মধ্যেই আশকোনা রোডের জলাবদ্ধতা দূর হবে। এছাড়া জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে দ্রুততম সময়ে ড্রেন সংযোগ নির্মাণের কাজ শুরু করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
আশকোনা মেইন রোড পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক কসাইবাড়ি রেলগেট থেকে বটতলা ইশরাল কলোনী রোড পরিদর্শন করেন।
রাস্তাটির বেহাল দশা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানকে রাস্তাটি চলাচলের উপযোগী করতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
একই সঙ্গে রাস্তাটির টেকসই উন্নয়নে একটি সমন্বিত প্রকল্প গ্রহণেরও নির্দেশনা প্রদান করেন তিনি।