শিরোনাম

সিলেট, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, কোনো অবৈধ বালু মহাল চালু এবং পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন করা যাবে না।
তিনি আজ সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমি আপনাদেরকে বলেছিলাম, আপনারা আমাকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন, আমি ১৩ ফেব্রুয়ারি থেকে আপনাদের জন্য কাজ শুরু করব। নির্বাচনের সময় আমার দেওয়া সকল প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে।'
গোয়াইনঘাটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আগামী মার্চেই এখানের বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজ শুরু হবে। চিকিৎসা ব্যবস্থার উন্নতির লক্ষ্যে নবনির্মিত উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কার্যক্রম দ্রুত চালু করা হবে এবং নিয়মিত চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করা হবে। এছাড়া খাল খনন, উপজেলা পরিষদের পুকুরের চারপাশে গাইড ওয়াল নির্মাণ এবং শহরের আদলে হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণ কাজ দ্রুত শুরু হবে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।