শিরোনাম

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, ‘আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্যে বসবাস করবে।’
আজ শনিবার রাঙ্গামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে আয়োজিত এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় তিনি বৌদ্ধমূর্তি দান, সংঘদান ও অষ্টপরিষ্কার দানসহ বিভিন্ন পুর্ণ্যকর্মে অংশগ্রহণ করে ভগবান বুদ্ধের আশীর্বাদ প্রার্থনা করেন এবং শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে মন্ত্রী তার প্রয়াত পিতা-মাতা, শ্বশুর-শাশুড়ি ও পরলোকগত আত্মীয়স্বজনসহ জগতের সকল প্রাণীর সুখ-শান্তি কামনা করেন। ধর্মীয় এ আয়োজনে বিহার প্রাঙ্গণ পুণ্যার্থীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে রাজবন বিহারের আবাসিক প্রধান ও বনভান্তের প্রধান শিষ্য শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাথের ধর্মীয় দেশনা প্রদান করেন। এ সময় মন্ত্রীর সহধর্মিণী মৈত্রী দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রার্থনা সভার শেষে বিশ্বশান্তি ও দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।