শিরোনাম

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আমদানিকৃত গম ও ভুট্টাবাহী লাইটার জাহাজ থেকে নির্ধারিত সময়ে পণ্য খালাস না করে, দীর্ঘদিন নদীতে নোঙর করে রাখার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
আজ শনিবার সকালে মুন্সিগঞ্জ জেলার ধলেশ্বরী নদী এলাকায় আকস্মিক পরিদর্শনকালে মন্ত্রী এ নির্দেশ দেন।
পরিদর্শনকালে মন্ত্রী দেখতে পান, বেশ কিছু লাইটার জাহাজ ৬ থেকে ১৮ দিন পর্যন্ত খাদ্যপণ্য বোঝাই অবস্থায় নদীতে অলস পড়ে আছে। বিধি অনুযায়ী এ সব পণ্য দ্রুত নির্ধারিত গুদামে খালাস করার কথা থাকলেও, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তা করেনি।
এ সময় নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘খাদ্যপণ্য জাহাজে অযৌক্তিকভাবে ফেলে রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অধিক মুনাফা অর্জনের কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।’
তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডে বাজার ব্যবস্থাপনা ও ভোক্তা স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ সময় মন্ত্রী আরও বলেন, সরকার এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই অসাধু ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নৌপরিবহন অধিদপ্তরের অধীনে গঠিত টাস্কফোর্স নদীপথে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করে আসছে।
গত দেড় মাসে ঢাকা, নারায়ণগঞ্জ ও যশোর অঞ্চলে মোট ৮৩৮টি জাহাজ পরিদর্শন করা হয়েছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিদ্যমান আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শন শেষে নৌপরিবহন, সড়ক ও সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম সকল আমদানিকারক, পরিবহনকারী ও ব্যবসায়ীদের নির্ধারিত বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ ও দ্রুত খাদ্যপণ্য খালাস করে যথাযথ সংরক্ষণ নিশ্চিত করার আহ্বান জানান।