বাসস
  ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৩
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২০

সরকার দেশের জনগণকে দক্ষ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক প্রশাসন উপহার দেবে: জনপ্রশাসন উপদেষ্টা

জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুর, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ (বাসস): জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, সরকার দেশের জনগণকে দক্ষ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক প্রশাসন উপহার দেবে। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করবো, প্রশাসক হিসেবে নয়। 

আজ শুক্রবার লক্ষ্মীপুর সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর এই প্রথম তিনি লক্ষ্মীপুরে আসেন।

দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, গত দেড় দশকের অধিক সময় বাংলাদেশে জনপ্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। এতে জনপ্রশাসন নিরপেক্ষতা ও দক্ষতা হারিয়েছে। প্রধানমন্ত্রীর পলিসি অনুযায়ী আমরা সবাই মিলে বাংলাদেশকে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে পরিণত করবো।

জনপ্রশাসন উপদেষ্টা আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন-‘আই হ্যাভ এ প্ল্যান’। সরকার গঠনের পর থেকেইে তিনি তা বাস্তবায়নের কাজ শুরু করেছেন এবং ঝাঁপিয়ে পড়েছেন। একটি প্রতিষ্ঠানের সিইও’র মতো প্রতিটি বিষয় বিস্তারিত দেখছেন এবং মনিটর করছেন, সেভাবেই কাজ আদায় করছেন। এটি আমাদের জন্য অনুপ্রেরণা।