শিরোনাম

খুলনা, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাঙালির আত্মগৌরবের স্মারক অমর একুশের প্রথম প্রহর থেকে খুলনায় বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে মহান ভাষা শহীদদের। শুক্রবার দিনগত রাতে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শুরু হয় মহানগরীর শহীদ হাদিস পার্কের শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো।
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ও জেলা কমান্ড শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এরপর মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি করপোরেশনের প্রশাসক, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, খুলনা মহানগর ও জেলা বিএনপি, খুলনা প্রেসক্লাব, মহানগর ও জেলা যুবদল, মহানগর ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসদ, সিপিবি, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি, খুলনা ইউনানী মেডিকেল কলেজ হাসপাতাল, মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এদিকে, আজ শনিবার সকালে প্রভাত ফেরীর মাধ্যমে নগরীর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া দিবসটির তাৎপর্য ও ভাষা শহীদদের স্মরণে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।