শিরোনাম

কক্সবাজার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরাসাইকেল আরোহী নুরুল হোসেন (৪৫) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে তার ছেলে শামীম হোসেন (১১)। শুক্রবার রাত ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার নলবিলা বিট কাম চেক স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুলের বাড়ি উপজেলার বরইতলী ইউনিয়নে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, নুরুল হোসেন ও তার ছেলে শামীম হোসেন মোটরসাইকেলযোগে চকরিয়া পৌর শহরে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি উপজেলার নলবিলা বিট কাম চেক স্টেশন এলাকায় পৌঁছালে পিকআপের সঙ্গে ধাক্কা খায়। এতে নুরুল হোসেন ও তার ছেলে শামীম হোসেন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নুরুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত শামীমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে নুরুল ইসলাম নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে তার ছেলে শামীম। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।