বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ছবি : বাসস

নড়াইল, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে শুক্রবার দিনগত রাত ১২টা ১ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, পুলিশ সুপার মোহাম্মদ আাল মামুন শিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রসেল।

এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নড়াইল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।পুস্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ ওয়াকিউজ্জামান।

এরপর শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। নানা শ্রেণি-পেশার মানুষ খালি পায়ে, হাতে ফুল নিয়ে এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের আবহে শহীদ মিনারে আসেন। ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে তারা শ্রদ্ধা জানান।

দিবসটি পালন উপলক্ষে সরকারি বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।এছাড়া কালোব্যাজ ধারণ, মসজিদে মসজিদে দোয়া, মন্দির ও অন্যান্য উপসানালয়ে বিশেষ প্রার্থনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।