বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৮

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু 

প্রতীকী ছবি

দিনাজপুর, ২০ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার বিরামপুর উপজেলায় আজ দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার দুপুর আড়াইটায় দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিরামপুর পৌর শহরের টিএন্ডটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের মো. মিজানুরের ছেলে সজিব হাসান (২৪) ও মো. তহিদুল হকের ছেলে রাব্বি আহমেদ (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। 

একই দিকে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহীরা ট্রাকটিকে অতিক্রম করার চেষ্টা করছিলেন।একপর্যায়ে অসাবধানতা বশত মোটরসাইকেলটি ট্রাকের নিচের চাপা পড়ে যায়।

ফলে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য নিহতদের মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।