বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৪

দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পিরোজপুর সফরে গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

ছবি : বাসস

পিরোজপুর, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে নিজ জেলা পিরোজপুরে পৌঁছেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মঞ্জুর।

২০ ও ২১ ফেব্রুয়ারি দুই দিনের এ সফরে তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

শুক্রবার সকালে ঢাকায় নিজ বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল সাড়ে ১০টার দিকে তিনি পিরোজপুর সার্কিট হাউজে পৌঁছান। এ সময় জেলা প্রশাসক আবু সাঈদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী তাকে স্বাগত জানান এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

সার্কিট হাউজ প্রাঙ্গণে প্রতিমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, অ্যাডভোকেট আবুল কালাম আকনসহ দলীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে প্রতিমন্ত্রী তার নির্বাচনী এলাকা নেছারাবাদের উদ্দেশ্যে রওনা দেন।