বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬

পদ্মা সেতুর দক্ষিণ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

শরীয়তপুর, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : শরীয়তপুরের পদ্মা সেতুর দক্ষিণ এলাকায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে অপর বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। 

এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে পদ্মা সেতু দক্ষিণ থানাধীন জমাদ্দার স্ট্যান্ড (কালু বেপারী কান্দি) আন্ডারপাসের ওপর ঢাকা মাওয়া জাতির পিতা ইব্রাহিম (আঃ) এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী খান পরিবহনের একটি বাস (বরিশাল মেট্রো ব-১১-০১৬৮) যাত্রী ওঠানোর জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ভাঙ্গাগামী স্টার এক্সপ্রেস বাস (ঢাকা মেট্রো ব-১২-৫২৭০) দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মুহূর্তেই বাস দুটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই আকাশ সরদার নামের এক যুবক নিহত হন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার ভোজের গাতী এলাকার বাসিন্দা বাহারুল সরদারের ছেলে। পরে গুরুতর আহত অবস্থায় স্টার এক্সপ্রেস বাসের সুপারভাইজার ইউনুস মোল্লাকে (৫১) শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শিবচর ও আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয় এবং কিছু সময়ের মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

তথ্য নিশ্চিত করে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।