শিরোনাম

লালমনিরহাট, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): পবিত্র রমজানে নিত্যপণ্যের দাম ও মান নিয়ন্ত্রণে রাখতে লালমনিরহাটে বাজার মনিটরিং করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহরের মিশন মোড় ও আশপাশের এলাকায় হোটেল-রেস্টুরেন্টসহ বিভিন্ন খাবারের দোকানে পরিদর্শন চালানো হয়।
এ সময় ব্যবসায়ীদের খাবারের গুণগত মান বজায় রাখা, পোড়া তেল ব্যবহার না করা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
মনিটরিং টিম প্রায় অর্ধশতাধিক দোকান পরিদর্শন করে। অধিদপ্তরের লালমনিরহাট কার্যালয় থেকে জানানো হয়, প্রাথমিকভাবে সচেতনতামূলক তদারকি ও পরামর্শ দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তবে নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের লালমনিরহাট কার্যালয়ের সহকারী পরিচালক শেখ সাদি এবং সহকারী কমিশনার মোস্তাক আহমেদ কপোত। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ বাংলাদেশের লালমনিরহাট জেলার সদস্যরা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।