শিরোনাম

বাগেরহাট, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার মোল্লাহাটে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ এবং বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো. মশিউর রহমান খান পৃথকভাবে স্থানীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।
ঢাকা থেকে নিজ নিজ নির্বাচনী এলাকায় ফেরার পথে আজ বাদ জোহর মোল্লাহাট উপজেলা মডেল মসজিদে নব নির্বাচিত সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
একই দিন বাদ আসর একই মসজিদে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো. মশিউর রহমান খান মতবিনিময় করেন।
উভয় সংসদ সদস্যকে জামায়াত এবং ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির হাসমত আলী সরদার এবং সেক্রেটারি হাফেজ মো. হেদায়েত উল্যাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে দুই সংসদ সদস্যই দল মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে জনগণের প্রত্যাশা পূরণ করবেন বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
নবনির্বাচিত দুই সংসদ সদস্য এলাকার জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করে মোল্লাহাটসহ সংশ্লিষ্ট এলাকাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।