শিরোনাম

বান্দরবান, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে বান্দরবান-এ এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন-এর আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শামীম আরা রিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সেমিনারে বক্তারা বলেন, সমাজে বৈষম্য দূরীকরণ এবং দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে যাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সঠিকভাবে যাকাত আদায় ও বণ্টন নিশ্চিত করা গেলে দারিদ্র্য হ্রাসে তা কার্যকর অবদান রাখবে।
জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, সবাইকে নিয়মিতভাবে যাকাত প্রদান করতে হবে এবং যাকাত বোর্ডের মাধ্যমে সুষ্ঠুভাবে তা রক্ষণাবেক্ষণ ও সমবণ্টন নিশ্চিত করতে হবে। তিনি সমাজের বিত্তবানদের যথাযথভাবে যাকাত প্রদানের আহ্বান জানান।
তিনি বলেন, যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, বৃদ্ধি পায় এবং তাতে বরকত নাজিল হয়। এটি ধনীর সম্পদ থেকে গরিবের প্রাপ্য আদায়ের মাধ্যমে সামাজিক বৈষম্য কমায় এবং আত্মাকে কৃপণতার পাপ থেকে মুক্ত করে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান-এর উপ-পরিচালক মো. সেলিম উদ্দীনসহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও ধর্মপ্রাণ মুসল্লিরা।