শিরোনাম

জয়পুরহাট, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : জেলার কালাই উপজেলায় ভটভটি উল্টে রাসেল মন্ডল (৩৫) নামে এক ভাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ দুপুর তিনটার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার পুনট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল মন্ডল জয়পুরহাট সদর উপজেলার জামালপুর পালপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম লিটন মন্ডল।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রাসেল জামালপুর থেকে ভাঙারির মালামাল নিয়ে ভটভটিতে করে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে কালাই উপজেলার পুনট এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে রাসেল মাথা ও বুকে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের মামা মামুনুর রশিদ ও চাচাতো ভাই রিমন হোসেন বাসসকে জানান, জীবিকার তাগিদে নিয়মিত ভাঙারি সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন রাসেল। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভটভটিটি শিবগঞ্জের দিকে যাচ্ছিল। পুনট বাজার এলাকায় হঠাৎ উল্টে যায়। রাসেল ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় দুর্ঘটনায় ভটভটির চালক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাসসকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।