শিরোনাম

পিরোজপুর, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জেলায় রমজান উপলক্ষে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার তদারকি করেছে পিরোজপুর জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার দুপুর থেকে পিরোজপুর পৌর বাজার পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা।
এ সময় তার সঙ্গে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) এসএম আল আমিন সহ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পরিদর্শনকালে নিত্যপণ্যের মূল্য তালিকা টানানো, অতিরিক্ত দাম না নেওয়াসহ পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব আরোপ করেন অতিরিক্ত জেলা প্রশাসক।
একই সঙ্গে বাজার দখলমুক্ত করতে ফুটপাত ও বাজারের জায়গায় যেসব অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে তার মধ্যে কয়েকটি উচ্ছেদ করা হয়। বাকিগুলোর মালিকদের নিজ দায়িত্বে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বাজার তদারকি শেষে সাংবাদিকদের উদ্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা বলেন, আমরা জেলা প্রশাসকের নির্দেশে বাজার মনিটরিং করছি। আমরা বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করেছি। ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানে মূল্য তালিকা টানিয়ে রাখেনি। এছাড়াও অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
ভোক্তারা যেন ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারে এ জন্য রমজান মাস জুড়ে বাজার মনিটরিং অব্যাহত থাকবে।