শিরোনাম

রাঙামাটি, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে জেলার কাপ্তাইয়ে ব্যবসায়ীদের নিয়ে আলোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই উপজেলা প্রশাসন ও কৃষি বিপণন কমিটির উদ্যোগে আজ দুপুরে কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ অফিসে এ আলোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন সভায় সভাপতিত্ব করেন। তিনি পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য তালিকা, পাকা রশিদ, জিলাপি ও বেগুনিতে রং না মেশানো, পোড়া, বাসি তেল ব্যবহার নিষেধসহ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের অনুরোধ জানান। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে বাজারে এসে সব ধরনের পণ্য ন্যায্যমূল্যে কেনাকাটা করতে পারে তা নিশ্চিত করতে তিনি সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ, কাপ্তাই কৃষি বিপণন কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া, কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো জয়নাল আবেদীন, সম্পাদক এম করিমসহ অন্যান্য ব্যবসায়ীরা এসময় উপস্থিত ছিলেন।