শিরোনাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দীর্ঘ সময়ের কর্তৃত্ববাদী শাসনের পর গণতান্ত্রিক সরকারের নবযাত্রার শুভ সূচনা উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানা।
অনুষ্ঠানে জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘বাংলাদেশ যখনই গণতান্ত্রিক সংকটে পড়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে।’
তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উপাচার্য বলেন, তাদের আত্মত্যাগই গণতান্ত্রিক রূপান্তরের সুযোগ সৃষ্টি করেছে।
তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার আমরা নিয়েছি, জাতীয় সংগীতের মাধ্যমে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমরা সেই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। সংসদে যে শপথ গ্রহণ হয়েছে, দেশের স্বার্থকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে রাখার যে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে, তা যেন অটুট থাকে; এটাই আমাদের প্রত্যাশা। প্রবীণ ও নবীনের সম্মিলিত প্রয়াসে ১৯৭১ সালের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন হবে। এই বিশ্বাস নিয়েই আজকের এই আয়োজন।
অধ্যাপক ড. শামীমা সুলতানা বলেন, ‘সকল মত ও বিশ্বাসের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যাতে সবাই নতুন গণতান্ত্রিক যাত্রায় রাষ্ট্রের অংশীদার হতে পারে।’ নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু বলেন, গণতান্ত্রিক সূচনাকে স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয় পরিবার জাতীয় সংগীত পরিবেশনায় অংশ নিয়েছে।
তিনি বলেন, জাতীয় সংগীত ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানুষকে অনুপ্রাণিত করেছিল এবং একটি উন্নত বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় পথপ্রদর্শক হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ছালেহ আহাম্মদ খান, প্রক্টর একেএম রাশিদুল আলম, গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, মহিলা ক্লাবের সভাপতি ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নেছা খন্দকার, জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক প্রমুখ।