বাসস
  ১৩ মার্চ ২০২৬, ০০:০৩

আহমেদ আযম খান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও মীর হেলাল ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে

আহমেদ আযম খান এবং মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি: সংগৃহীত

ঢাকা, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : নতুন শপথ নেওয়া মন্ত্রী আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আজ মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, ‘মন্ত্রিপরিষদ বিভাগের ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের প্রজ্ঞাপন এবং ৪ মার্চ ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী রুলস অফ বিজনেস ১৯৯৬ এর রুল ৩ (চার) অনুযায়ী প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রিগণের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন এবং পুনর্বণ্টন করেন।’

এতে আরো বলা হয়, প্রধানমন্ত্রীর সদয় অভিপ্রায় অনুযায়ী মন্ত্রী আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনঃবন্টন করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন এবং ৪ মার্চ ২০২৬ তারিখের  প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।