
ফেনী,১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস):জেলার তিনটি আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে চলছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফেনী-১আসনে ৩৫ শতাংশ,ফেনী -২আসনে ৩২শতাংশ ও ফেনী-৩ আসনে ৩২ শতাংশ ভোট পড়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সরেজমিন দেখা গেছে, বিভিন্ন কেন্দ্রে মাঠজুড়ে নারী-পুরুষের দীর্ঘ লাইন। সকাল সাড়ে ৭টা থেকে কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। বেলা ১১টা পর্যন্ত ৯শ ভোট গ্রহণ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এ চিত্র জেলা সদরের ছনুয়া ইউনিয়নের পূর্ব ছিলোনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এখানে ৪ হাজার ৩০ জন ভোটার রয়েছেন।
একই দৃশ্য দেখা গেছে, জেলা সদরের পাঁচগাছিয়া এ জেড খাঁন স্মৃতি উচ্চ বিদ্যালয়, ফাজিলপুর উচ্চ বিদ্যালয়, শর্শদী ইউনিয়নের আবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
তবে গ্রামের তুলনায় শহরে ভোটার উপস্থিতি ভিন্ন। জেলা শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ, মহিপাল তৈয়বিয়া নূরিয়া দাখিল মাদরাসা, মধ্য চাঁড়িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ শহর এলাকার বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম।
লাইনে দাঁড়ানো ভোটারদের মাঝে উচ্ছ্বাস রয়েছে। তারা বলেন, অনেকদিন পর ভোট নিয়ে মানুষের আগ্রহ দেখছি। তাই দেরি না করে চলে এসেছি।ভোটের পরিবেশ উৎসবমুখর থাকুক এবং নির্বিঘ্নে ভোট দিতে পারেন সবাই এটাই চায়।
লেমুয়া ইউনিয়নের কেরোনিয়া শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবনে প্রথমবার ভোট দিতে আসেন ২৫ বছর বয়সী তরুণ সাইদুল ইসলাম সাইমুন জানান, ‘প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিচ্ছি। পাশাপশি গণভোট দিতে পেরে উত্তেজনাও কাজ করছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হোক।
ফেনী বালিকা বিদ্যালয়ে সরলা দেবী ভবনে ভোট দেন অধ্যাপক লিয়াকত আলী ভূঞা। তিনি বলেন, এখানে আমিই প্রথম ভোট দিয়েছি। ২০০৮ সালের পর জাতীয় ও স্থানীয় নির্বাচনে কোন ভোটই দিতে পারিনি।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক জানান, জেলায় ৩টি সংসদীয় আসনে ৪২৮টি ভোট কেন্দ্র রয়েছে। ফেনী-২ ও ৩ আসনে সেনাবাহিনী ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় ফেনী-১ আসনে বিজিবি মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা টহলে রয়েছে।
তিনি আরো বলেন, জেলায় পুলিশের ৩৬টি মোবাইল টিম ও প্রতি উপজেলায় স্ট্রাইকিং ফোর্স, সবগুলো উপজেলায় আনসার-র্যাব দায়িত্ব পালন করছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম জানান, জেলায় দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে