শিরোনাম

কুমিল্লা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। এ নির্বাচনে জেলার ১১টি সংসদীয় আসনে প্রায় ৫০ লাখ ভোটার ভোট দান করবেন। এই নির্বাচনে প্রায় দেড় হাজার ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার ৩৩৪ জন সদস্য দায়িত্ব পালন করবেন । তাদের সাথে মাঠে থাকবেন মোট ৯৮ জন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট।
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে পুলিশ ও এপিবিএন সদস্যদের ব্রিফিংকালে এসব তথ্য জানান ।
তিনি জানান, নির্বাচনে কুমিল্লা জেলায় ৩ হাজার ৯৭৯ জন পুলিশ সদস্যের পাশাপাশি ২ হাজার ৪০ জন সেনাবাহিনীর সদস্য, ৪০০ জন বিজিবি এবং ১৯ হাজার ৩৮৩ জন আনসার ও ভিডিপি সদস্য নিয়োজিত থাকবেন।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, দায়িত্ব পালনের সময় প্রত্যেক পুলিশ সদস্যকে অবশ্যই বডি-ওর্ন ক্যামেরা চালু রাখতে হবে। কোনো অনিয়ম, অভিযোগ কিংবা আপত্তিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারকে অবহিত করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে পেশাদারিত্বের মাধ্যমে পুলিশের পূর্বের নেতিবাচক ভাবমূর্তি পরিবর্তনের আহ্বান জানান।
এদিকে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুমিল্লা নগরীসহ বিভিন্ন এলাকায় মহড়া চালিয়েছে সেনাবাহিনী। গতকাল বিকেলে টমছম ব্রিজ এলাকা থেকে শুরু করে কান্দিরপাড়, প্রেসক্লাব, ফৌজদারি মোড়, পুলিশ লাইন্সসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই মহড়া অনুষ্ঠিত হয়। একইসঙ্গে জেলার বিভিন্ন উপজেলায় ভোটকেন্দ্রগুলো ঘিরেও পৃথকভাবে নিরাপত্তা মহড়া প্রদর্শন করা হয়।
মহড়ায় ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান ও নিরাপদে বাড়ি ফেরা, কেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানোর কৌশল তুলে ধরা হয়।
কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানান, নির্বাচনের দিন সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জেলার ১১টি আসনে দায়িত্ব পালন করবেন ৭৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২৫ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনীর ৫৫টি প্লাটুন, বিজিবির ৩৯টি প্লাটুন এবং র্যাবের ২৪টি মোবাইল টিম।
তিনি আরও জানান, শুধুমাত্র ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৩ হাজার ৯৭৯ জন পুলিশ সদস্যের পাশাপাশি বিপুল সংখ্যক আনসার ও ভিডিপি সদস্য নিয়োজিত থাকবে। বুধবার সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলার ১৭টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১ হাজার ৪৯১টি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার ও প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী পাঠানো হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো ধরনের সহিংসতা বা অনিয়ম প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।