বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩০

এমপিওভুক্ত শিক্ষকের শূন্যপদ সংক্রান্ত ই-রেজিস্ট্রেশন ৯ ফেব্রুয়ারি থেকে শুরু

ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : এমপিওভুক্ত শিক্ষকের শূন্যপদ সংক্রান্ত  ই-রেজিস্ট্রেশন ৯ ফেব্রুয়ারি থেকে  শুরু। শেষ হবে ২২ ফেব্রুয়ারি।

আজ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা জানানো যাচ্ছে যে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষকের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসিএ কর্তৃক প্রতিষ্ঠানসমূহের ই-রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসিএ-এর ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) "ই-রেজিস্ট্রেশন" সেবা বক্সের ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা মেন্যুতে পাওয়া যাবে।

উল্লেখ্য, "এনটিআরসিএ এর আইন ২০০৫ এবং পরিপত্র অনুসারে এমপিওভুক্ত শূন্যপদের ক্ষেত্রে ই-রেজিস্ট্রেশন এবং ই-রিকুইজিশন করা বাধ্যতামূলক। অন্যথায় প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানের এমপিও বাতিলকরণসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণা করা হবে"।

এমতাবস্থায়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণকে উপরোল্লিখিত নির্দেশিকা অনুসরণে নির্ধারিত সময়ের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য, ই-রেজিস্ট্রেশন ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক শূন্যপদের চাহিদা এনটিআরসিএ-তে প্রেরণের সুযোগ নেই।