বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৯

রুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

রাজশাহী, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান এবং দপ্তর ও শাখা প্রধানরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, একটি জ্ঞানভিত্তিক ও আলোকিত সমাজ গঠনে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। বই মানুষকে আলোকিত ও সমৃদ্ধ করে।

তিনি আরও বলেন, গ্রন্থাগার কেবল তথ্যের আধার/তথ্যকেন্দ্র নয়, এটি সাংস্কৃতিক ও বিনোদনমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবেও কাজ করে। তথ্যের ব্যবধান কমিয়ে আনতে দেশের প্রতিটি ইউনিয়নে গণ-গ্রন্থাগার স্থাপন করা প্রয়োজন।