বাসস
  ০৩ জুলাই ২০২৬, ১৫:১৬

শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২

মাদারীপুর, ৩ জুলাই, ২০২৬, (বাসস): জেলার শিবচর উপজেলায় কাভার্ড ভ্যানচাপায় নারী ও শিশুসহ দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দ্বিতীয় খ- ইউনিয়নের মোড়লকান্দি এলাকায় শিবচর-কুতুবপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দ্বিতীয় খ- ইউনিয়নের মাদবরকান্দি গ্রামের খাইরুল মাদবরের স্ত্রী বিথী আক্তার (৩৫) এবং একই এলাকার হারুন মাদবরের মেয়ে আয়শা আক্তার (৯)। সম্পর্কে তারা চাচি-ভাতিজি।

আহতরা হলেন, একই এলাকার সাহাদাত মাদবরের মেয়ে সাজেদা আক্তার (৯) এবং ব্যাটারিচালিত ভ্যানচালক লিটন মিয়া (৩০)।

তিনি উপজেলার যাদুয়ারচর এলাকার মৃত হায়দার আলীর ছেলে। গুরুতর আহত লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বিথী আক্তার পরিবারের সদস্যদের নিয়ে কুতুবপুর ইউনিয়নে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুটি ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি থেকে রওনা হন।

পথে মোড়লকান্দি এলাকার নদীপাড়ে পৌঁছালে তাদের বহনকারী একটি ভ্যান উল্টে যায়। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান উল্টে থাকা ভ্যানের যাত্রীদের চাপা দিলে চারজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিথী আক্তার ও আয়শা আক্তারকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে লিটন মিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহমেদ আসিফ বলেন, চারজন আহতকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয়। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।