বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৪

মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মাগুরা, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস):জেলায় সড়ক দুর্ঘটনায় বাদশা (২৬) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। 

আজ শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে জেলা শহরের পার নান্দুয়ালী ব্রিজের দক্ষিণ পাশে তার মোটরসাইকেলের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাদশা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বাদশা সাতক্ষীরা জেলার তালা থানার আইলীয়া গ্রামের ওমর আলীর ছেলে। তিনি মাগুরা সদর উপজেলার বাবুখালী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মরদেহ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।