বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৫

চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চুয়াডাঙ্গা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস): ‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায়  চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের করা  হয়। র‌্যালিটি শহরের কোট মোড়, শহীদ হাসান চত্বর, পৌরসভা মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে ছাত্রশিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সংগঠনের আদর্শ ও লক্ষ্য তুলে ধরেন।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির জেলা শাখার সভাপতি সাগর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবিরের  সাবেক সভাপতি এ্যাড. আসাদুল্লাহ, জেলা শাখার সাবেক সভাপতি হুমায়ুন কবির শান্ত এবং মহসিন এমদাদুল্লাহ জামেন। 

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির জেলা শাখার অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, সাহিত্য সম্পাদক আবু রায়হান, দাওয়াত সম্পাদক পারভেজ আলমসহ জেলা শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা।

সভায় সঞ্চালনা করেন শিবিরের জেলা শাখার সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম।