শিরোনাম

সিলেট, ১৮ জুন, ২০২৬ (বাসস) : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক, প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এই নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী ও সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘শাবিপ্রবি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়। তোমরা যারা এখানে ভর্তির সুযোগ পেয়েছ, তারা অত্যন্ত ভাগ্যবান। এখান থেকেই আগামী দিনের শিক্ষাবিদ, গবেষক এবং জাতীয় রাজনীতির ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। বিশেষ করে নবীন শিক্ষার্থীদের আবাসন ও খাবারের মান বজায় রাখার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যত্নবান হতে হবে। এই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে আমরা তা করব, যেন শিক্ষার্থীরা একটি সুস্থ ও সুন্দর পরিবেশে পড়াশোনা চালিয়ে যেতে পারে।’
নবীনদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, ‘আজ থেকে তোমরা শাবিপ্রবি পরিবারের অংশ। তোমাদের অ্যাকাডেমিক কার্যক্রম যথাসময়ে শেষ করার ব্যাপারে প্রশাসন বদ্ধপরিকর। ক্যাম্পাসে র্যাগিংয়ের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন 'জিরো টলারেন্স' অবস্থানে থাকবে। সিনিয়র কারও দ্বারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে তোমরা সাথে সাথে প্রক্টরসহ প্রশাসন সংশ্লিষ্টদের জানাবে। এমনকি যেকোনো প্রয়োজনে সরাসরি আমাকেও ফোন করতে পারো। আমরা তোমাদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। ’
তিনি উল্লেখ করেন যে, এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা দেশ ও বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী, সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া, অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, অ্যাগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান, ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহিদুল হক, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম প্রমুখ।