বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৭

এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতার চেক ব্যাংকে

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দেশের এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ২০২৬ সালের জানুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ব্যাংকে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের চারটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড-এর প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড-এর স্থানীয় কার্যালয়ে আজ বৃহস্পতিবার হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা ৫ ফেব্রুয়ারির পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা হতে জানুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।