শিরোনাম

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): দিনাজপুর হাবিপ্রবি স্নাতক প্রথম পর্বে ভর্তির তালিকা আগামীকাল ৬ ফেব্রয়ারি প্রকাশ করা হবে। ৮ ও ৯ ফেব্রুয়ারী দু'দিন প্রথম পর্যায়ে ভর্তি কার্যক্রম চলবে।
আজ দিনাজপুর হাবিপ্রবির জনসংযোগ বিভাগের পরিচালক মো: খাদেমুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্নাতক ভর্তির প্রথম মেধাতালিকা, অর্থাৎ বিষয় ভিত্তিক ফলাফল শুক্রবার ৬ ফেব্রুয়ারী প্রকাশ করা হবে। মেধাতালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের ৮ ও ৯ ফেব্রুয়ারি ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। এ সময় শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করা হবে।
ভর্তির সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ (যদি থাকে) ও মূল ট্রান্সক্রিপ্ট, সর্বশেষ অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরিত প্রশংসা পত্রের মূল কপি, অনলাইন আবেদন ফরমের রঙিন প্রিন্ট কপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি ল্যাব প্রিন্ট ছবি সঙ্গে আনতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত ৮ ও ৯ ফেব্রুয়ারির মধ্যে প্রথম মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তি না করলে তাদের আসন শূন্য হিসেবে গণ্য করা হবে। এসব শূন্য আসনের বিপরীতে পরবর্তী সময়ে ধাপে ধাপে মেধাতালিকা প্রকাশ করা হবে। ৬ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকায় বিষয় প্রাপ্ত শিক্ষার্থীদের আবেদনকালে প্রাপ্ত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে ভর্তি ফি জমাদান সাপেক্ষে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে। ভর্তি ফরম ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার পর থেকে পূরণ করা যাবে।
অনলাইনে ভর্তি ফরম পূরণ শেষে শিক্ষার্থীদের অবশ্যই ফরমটি রঙিন প্রিন্ট করে ৯ ফেব্রুয়ারি বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন না করলে শিক্ষার্থীর আসন বাতিল বলে গণ্য হবে। ভর্তি ফি হিসেবে মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদের মাধ্যমে ১৫ হাজার ৯০৫ টাকা (সার্ভিস চার্জসহ) জমা দিতে হবে।
ভর্তি ফি প্রদান-সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.hstu.ac.bd/admission-তে পাওয়া যাবে।
এ ছাড়া নগদ ব্যবহারে অনিচ্ছুক শিক্ষার্থীরা রূপালী ব্যাংকের যেকোনো শাখায় নির্ধারিত হিসাবে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি ফরম ডাউনলোড করতে পারবেন। এ ক্ষেত্রে ব্যাংক রশিদ বিশ্ববিদ্যালয়ের আইটি সেল থেকে যাচাই করাতে হবে।
উল্লেখ্য, গত ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি হাবিপ্রবি চারটি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।