বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৫

ঢাবি প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

ছবি : বাসস

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিভাগের কামালউদ্দিন আহমেদ লেকচার গ্যালারিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, এ বিভাগে রয়েছে আন্তর্জাতিক মানের শিক্ষক ও গবেষক। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে এই বিভাগ দায়িত্বশীল ভূমিকা পালন করবে। নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা অনুসরণ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট হিসেবে গড়ে উঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সহ-শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের উপর তিনি গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিভিন্ন বর্ষের পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীরা হলেন- মোনতাহা আফরিন, রুবাইয়া রেজা রামিজা, অন্বেষা দাশ শর্মী, সাবিহা মুনতাহা, কানিজ ফাতেমা তানিশা, ফাতিমা জোহরা, ফাতেমা সিদ্দিক রোজা, সামিতা তাবাসসুম রোজা, সামিয়া আক্তার রাইসা ও নোশিন তাসনিম মৌমিতা।