শিরোনাম

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের শর্তাবলি যথাযথভাবে পালন না করলে সংশ্লিষ্ট কলেজের অধিভুক্তি বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
তিনি আরও বলেন, এ বিষয়ে পরবর্তীতে কোনো আপত্তি বা অজুহাত গ্রহণযোগ্য হবে না।
আজ বৃহস্পতিবার হবিগঞ্জ সার্কিট হাউসে জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক এবং পরিচালনা পরিষদের সভাপতি ও সদস্যদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রফেসর আমানুল্লাহ আক্ষেপ করে বলেন, ‘অনেক সময় শিক্ষকরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কিংবা শ্রমবাজারের চাহিদাকে গুরুত্ব না দিয়ে কেবল নিজেদের পছন্দের বিষয়গুলো অধিভুক্ত করার চেষ্টা করেন।’
তিনি বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমানে বিবিএ, সিএসইসহ বিভিন্ন প্রফেশনাল কোর্সে দক্ষ জনবলের ব্যাপক সংকট রয়েছে। কিন্তু এসব বিষয়ে অধিভুক্তির আগ্রহ তুলনামূলক কম।’
শিক্ষার্থীদের চাকরির বাজার ও শিল্প কারখানার চাহিদার সাথে সামঞ্জস্য রেখে নতুন নতুন বিষয় অধিভুক্তির আবেদন করার জন্য তিনি কলেজ কর্তৃপক্ষকে আহ্বান জানান।
অনেক কলেজে নিয়মিত সভা হয় না জেনে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘নিয়মিত সভা না হলে শিক্ষক-শিক্ষার্থীদের সমস্যা ও সুযোগ-সুবিধার বিষয়গুলো অজানাই থেকে যায়। ফলে পুঞ্জীভূত সমস্যাগুলো এক সময় প্রকট আকার ধারণ করে এবং সংশ্লিষ্টদের মধ্যে হতাশা তৈরি হয়।’
উচ্চশিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত যেকোনো সৃজনশীল ও বাস্তবমুখী উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয় সবসময় পাশে থাকবে বলে সভায় আশ্বস্ত করেন উপাচার্য।