বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৫

কুমিল্লায় ৩টি  ইটভাটাকে জরিমানা, কর্যক্রম বন্ধ 

কুমিল্লা (দক্ষিণ), ৩ ফ্রেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জেলার  মুরাদনগর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে তিনটি ইটভাটারকে ভ্রাম্যমাণ আদালত ৮ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

গতকাল সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে যাত্রাপুর ও শ্রীকাইল ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের নির্দেশনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি)  সাকিব হাছান খাঁন।

অভিযানকালে দেখা যায়, সংশ্লিষ্ট ইটভাটাগুলো পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত হচ্ছিল। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত  আইন  অনুযায়ী আর্থিক জরিমানা আরোপ করে।

জরিমানার আওতায় যাত্রাপুর ইউনিয়নের চয়নিকা ব্রিকসকে ৩ লাখ টাকা, শ্রীকাইল ইউনিয়নের রয়েল ব্রিকসকে ২ লাখ টাকা এবং একই ইউনিয়নের প্রভা ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তিনটি ইটভাটার উৎপাদন ও পরিচালন কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে পুলিশ সদস্যদের পাশাপাশি পরিবেশ অধিদপ্তর, পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা অংশ নেন।

অভিযান শেষে সাকিব হাছান খাঁন জানান, পরিবেশের ক্ষতি রোধ ও আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। অবৈধভাবে পরিচালিত কোনো ইটভাটার বিরুদ্ধে ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।