বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩১

বাগেরহাটে যৌথ বাহিনীর উদ্যোগে ভোটকেন্দ্র পরিদর্শন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ কেন্দ্র করে বাগেরহাটের চিতলমারী উপজেলায় যৌথ বাহিনীর উদ্যোগে ভোটকেন্দ্র পরিদর্শন। ছবি: বাসস

বাগেরহাট, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ কেন্দ্র করে বাগেরহাটের চিতলমারী উপজেলায় যৌথ বাহিনীর উদ্যোগে ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়েছে।

আজ বিকেলে চিতলমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী চিংগড়ী শেখ মোহাম্মদ রকিবুজ্জামান উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় নীলডুমুর ব্যাটালিয়ন-১৭ বিজিবিসহ যৌথ বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্র ও এর আশপাশের নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম, উপপরিদর্শক লিটন কুমার বিশ্বাস, চিতলমারী সেনাবাহিনীর বেইজ ক্যাম্পের ক্যাপ্টেন মো. সানজিদ এবং বিজিবি চিতলমারী বেইজ ক্যাম্পের হাবিলদার মো. আছির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্তৃপক্ষ জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যৌথ বাহিনীর এমন তৎপরতা অব্যাহত থাকবে।