বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৫

সাতক্ষীরায় পোস্টাল ব্যালটে ১৮ হাজার ৭৭০ জন ভোট দিচ্ছেন

ছবি: বাসস

\ আসাদুজ্জামান \

সাতক্ষীরা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে মোট ১৮ হাজার ৭৭০ জন ভোটার পোস্টাল ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে প্রবাসীদের সংখ্যা ৫ হাজার ৬৮৬ জন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ব্যালট হাতে পাওয়ার পর ভোটাররা তা ডাকযোগে ফেরত পাঠাচ্ছেন। প্রবাসী ভোটারদের পাশাপাশি সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও কারাগারে থাকা ভোটার মিলিয়ে সাতক্ষীরা জেলায় মোট ১৮ হাজার ৭৭০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসীদের অংশগ্রহণকে এবারের নির্বাচনে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

আসনভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ২ হাজার ৫৬ জন পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ১ হাজার ৯৮১ জন ও নারী ৭৫ জন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯২ হাজার ১৯৮ জন।

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে ১ হাজার ৬৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৬০১ জন ও নারী ৯৩ জন নিবন্ধন করেছেন। এই আসনেই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য সর্বাধিক নিবন্ধন হয়েছে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ৫৮১ জন।  

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ১ হাজার ২৩৫ জন। এরমধ্যে পুরুষ ১ হাজার ১৯৮ জন ও নারী ৩৭ জন পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৮ হাজার ২২৪ জন।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ৭০১ জন পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৬৬৫ জন ও নারী ৩৬ জন প্রবাসী নিবন্ধন করেছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৪২১ জন।

সাতক্ষীরার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, প্রবাসে অবস্থান করেও ভোটাররা তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারছেন। ফেরত আসা ব্যালটগুলো নির্ধারিত নিয়ম অনুযায়ী গণনায় অন্তর্ভুক্ত হবে।

সাতক্ষীরার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার জানান, জেলার ৪টি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ১৬ হাজার ৪২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১০ হাজার ৩৬৭ জন এবং মহিলা ভোটার ৯ লাখ ৬ হাজার ৪৩ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছে ১৪ জন। জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬০৯ টি। ভোট কক্ষের সংখ্যা ৩ হাজার ৪১০ টি।