শিরোনাম

সুনামগঞ্জ, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার তাহিরপুর উপজেলায় আজ দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম (৩২) নামের একব্যক্তি নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে উপজেলার বালিজুরি ইউনিয়নের আনোয়ারপুর- ফতেপুর সড়কের বারুংকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ আলম জেলার তাহিরপুর উপজেলায় বারুংকা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তাহিরপুর উপজেলার বারুংকা গ্রাম থেকে শাহ আলম মোটরসাইকেল যোগে আনোয়ারপুর- ফতেপুর সড়ক দিয়ে আনোয়ারপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা সুনামগঞ্জগামী আরেকটি মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম নিহত হন।
এ ঘটনায় দুই মোটরসাইকেলের মোট পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ।
বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহত ব্যক্তির মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।