শিরোনাম

সাতক্ষীরা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি অভয়ারণ্য এলাকায় কাঁকড়া ধরার সময় সরঞ্জাম ও একটি নৌকাসহ তিনব্যক্তিকে আটক করেছে বন বিভাগ।
রোববার সন্ধ্যায় পুষ্পকাটী স্টেশনের আওতাধীন জলঘাটা খাল থেকে বনবিভাগের একটি বিশেষ টিম তাদের আটক করেন।
আটককৃত ব্যক্তিরা হলেন- খুলনা জেলার কয়রা উপজেলার দশালীয়া গ্রামের মৃত আনসার সরদারের ছেলে রফিকুল ইসলাম (৫৫), ৪নং কয়রা এলাকার মোকসেদ গাজীর ছেলে মোসানুর রহমান (৪৫) এবং দশালীয়া গ্রামের মৃত মোনতেজ মোল্লার ছেলে শাহিনুর রহমান (৪৪)।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটী অভয়ারণ্য এলাকায় কয়েকজন জেলে কাঁকড়া শিকার করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সুন্দরবনের জলঘাটা খালে অভিযান চালায় বন বিভাগের সদস্যরা। নিষিদ্ধ সময়ে অবৈধভাবে কাঁকড়া আহরণে অভিযোগে এসময় কাঁকড়া ধরার ফাঁদ, দড়ি ও বিভিন্ন সরঞ্জাম এবং একটি নৌকাসহ উক্ত তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার জিয়াউর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে।