বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৯

পদ্মায় এমআইএসটির নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মাওয়ায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২ দিন পর এমআইএসটির ছাত্র মো. নাইমের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার দুপুরে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের প্রায় ৫০০ ফুট উত্তরে নদীর তলদেশ থেকে নাইমের মরদেহটি উদ্ধার করা হয়। নাইম নাটোর জেলার লালপুর উপজেলার আ. রায়হানের ছেলে।

শ্রীনগর ফায়ার ষ্ট্রেশন অফিসার দেওয়ান আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

গত ৩১ জানুয়ারি বিকেলে মিলিটারি ইনষ্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের লেভেল-২ এ অধ্যায়নরত ১৮ জন অসামরিক শিক্ষার্থী মাওয়া ঘাট এলাকায় ভ্রমণের জন্য আসে। এ সময় নাইমসহ ৩ বন্ধু পদ্মা নদীতে গোসল করতে নামলে নাইম নিখোঁজ হন। অন্য ২ জনকে নৌকায় থাকা বন্ধুরা উদ্ধার করে। 

ঘটনার পরপর কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের ডুবুরিদল পদ্মায় উদ্ধার কার্যক্রম শুরু করে। ঘটনার দুইদিন পর নাইমের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। 

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস জানান, নাইমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।