শিরোনাম

নরসিংদী, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মনোনীত প্রার্থী কাজী সাজ্জাদ জহির চন্দন ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।
আজ সোমবার দুপুরে তিনি মনোহরদী উপজেলার চালাকচর বাজার এবং বেলাবো উপজেলার বারৈচা বাজারসহ বিভিন্ন এলাকায় নিজ দলীয় প্রতীক কাস্তে মার্কার গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সিপিবির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শান্তি, মনোহরদী উপজেলা সিপিবির সভাপতি ডা. ফজলুল হকসহ দলীয় নেতাকর্মীরা।
প্রচারণাকালে কাজী সাজ্জাদ জহির চন্দন ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
তিনি বলেন, “আমরা নিয়মিত ভোটারদের কাছে যাচ্ছি এবং গণসংযোগ চালাচ্ছি। সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। প্রান্তিক পর্যায়ের অনেক ভোটারের মধ্যে সিপিবি সম্পর্কে কিছু ভুল ধারণা রয়েছে। আমরা সরাসরি যোগাযোগের মাধ্যমে সেসব ভুল ধারণা দূর করার চেষ্টা করছি। এতে আমাদের প্রতি ইতিবাচক ধারণা তৈরি হচ্ছে। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।”
কাজী সাজ্জাদ জহির চন্দন দীর্ঘদিন ধরে বাম ধারার রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি শ্রমজীবী মানুষ, কৃষক ও মেহনতি শ্রেণির অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা রেখে আসছেন। পাশাপাশি তিনি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও স্বৈরতন্ত্র বিরোধী রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে তিনি ধারাবাহিকভাবে বক্তব্য ও কর্মসূচি পালন করে আসছেন।