বাসস
  ০৯ জানুয়ারি ২০২৬, ১১:১৮

রাজবাড়ীতে ফুটবলারদের মধ্যে ট্রাকসুট বিতরণ

ছবি : বাসস

রাজবাড়ী, ৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): রাজবাড়ী জেলা ফুটবল দলের খেলোয়াড়দের মধ্যে ট্রাকসুট বিতরণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ট্রাকসুট বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

তিনি জেলা ফুটবল দলের খেলোয়াড়দের হাতে ট্রাকসুট তুলে দেন। এ সময় জেলা প্রশাসক জেলার ফুটবলের সার্বিক উন্নয়ন এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, রাজবাড়ীর সভাপতি এবিএম মঞ্জুরুল আলম (দুলাল)। তিনি রাজবাড়ীর ফুটবলকে আরও এগিয়ে নিতে বাফুফে ও জেলা প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, জেলা ফুটবল দলের খেলোয়াড়রা এবং সংশ্লিষ্ট অতিথিরা।

উল্লেখ্য, খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি ও পেশাদার খেলাধুলার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।