শিরোনাম

বাগেরহাট, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাগেরহাটে আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপি ও তথ্যগত গরমিলের কারণে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গতকাল শনিবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন বৈধ ও অবৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন।
জেলার চারটি সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র দাখিলকারী মোট ৩২ জন প্রার্থীর কাগজপত্র পর্যালোচনা করা হয়। এর মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী ছয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারি) আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে চার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
বাতিল প্রার্থীদের মধ্যে বাংলাদেশ মুসলিমলীগ প্রার্থী আ. সবুর শেখকে তার দলীয় মহাসচিব স্বাক্ষরিত কপি দিলেও কেন্দ্রীয় কমিটির সভাপতি যে চিঠি দিয়েছেন তার স্বাক্ষরিত কপি না হওয়ায় বাতিল বলে গণ্য করা হয়েছে।
এছাড়া প্রার্থিতা বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী এস এম মুশফিকুরের (ভোটের শতকরা হিসাবের গরমিল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুজিবুর রহমান শামীমের (ঋণ খেলাপি), জাতীয় পার্টির প্রার্থী গোলাম সরোয়ারের (ঋণ খেলাপি)।
জানা গেছে, বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে মোট ৮ প্রার্থীর মধ্যে লেবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থী মো. হাসান ইমাম লিটুর মনোনয়নপত্র ঋণ খেলাপির কারণের বাতিল করা হয়।
বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৭ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ ও শরণখোলা) আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী খাইরুজ্জামান শিপনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ভোটারের স্বাক্ষর মিল না থাকায়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন বলেন, বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন থেকে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের আইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করা হয়েছে। ঋণ খেলাপি হওয়া এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় ভোটের তথ্যের গরমিল থাকায় ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থীরা নির্বাচন কমিশনে আগামীকাল থেকে আপিল করতে পারবেন।