বাসস
  ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০২

কৃষকদের কৃষিকাজে সর্বাত্মক সরকারি সহায়তা দেওয়া হবে : অর্থমন্ত্রী

ছবি : ভিডিও থেকে নেওয়া

সংসদ ভবন, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : কৃষকদের ঋণসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়ে তাদের কৃষিকাজ অব্যাহত রাখার সুযোগ সৃষ্টি করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘কৃষিনীতি প্রণয়নে আমরা কৃষকদের অগ্রাধিকার দিচ্ছি এবং তাদের চাষাবাদ অব্যাহত রাখার সুযোগ সৃষ্টি করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।’

আজ জাতীয় সংসদে পাবনা-৩ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মুহাম্মাদ আলী আছগারের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়।

অর্থমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।

কৃষকদের ঋণ দেওয়া এবং তাদের কৃষিকাজ সহজ করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।

এর আগে সরকারি দলের সংসদ সদস্য আনিসুর রহমানের (মাদারীপুর-৩) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশের কৃষকদের মধ্যে সুদমুক্ত ঋণ বিতরণের কোনো পরিকল্পনা সরকারের নেই।

তবে তিনি বলেন, কৃষকদের মধ্যে কৃষি ও পল্লী ঋণ সহজ শর্তে এবং কম সুদে বিতরণ করা হচ্ছে।