বাসস
  ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৫

এলএনজি সরবরাহকারীর সংখ্যা বাড়ানোর উদ্যোগ সরকারের : জ্বালানি মন্ত্রী

ছবি: ভিডিও থেকে নেওয়া

সংসদ ভবন, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : সরবরাহ ব্যবস্থায় বৈচিত্র্য ও প্রতিযোগিতা নিশ্চিত করতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহকারীর সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

আজ জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজের (দিনাজপুর-২) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে বিভিন্ন দেশ থেকে এলএনজি আমদানি করছে। স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়ের জন্য ইতোমধ্যে ২৯টি কোম্পানিকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে এবং সরবরাহকারীর সংখ্যা আরও বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি-উভয় ধরনের চুক্তির আওতায় এলএনজি আমদানি করছে। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতারের কাতারগ্যাস, ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেড (ওকিউটি), কাতারএনার্জি ট্রেডিং এলএলসি (কিউইটি), এক্সিলারেট গ্যাস মার্কেটিং লিমিটেড পার্টনারশিপ (ইজিএমএলপি) এবং যুক্তরাষ্ট্রের গানভর ইউএসএ এলএলসি থেকে এলএনজি আমদানি করা হচ্ছে।

অন্যদিকে, স্বল্পমেয়াদি চুক্তির আওতায় ওকিউ ট্রেডিং লিমিটেড এবং আর্মকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড (এটিএস) থেকে এলএনজি আমদানি করা হচ্ছে। মন্ত্রী জানান, আমদানি করা এলএনজি মহেশখালীতে অবস্থিত দুটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) মাধ্যমে রিগ্যাসিফিকেশন করা হয়। এরপর রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) হিসেবে তা জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করা হয়।